আইসিসি জানাল: বাংলাদেশে বিশ্বকাপ দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি – Daily Bhorer Potrika

আইসিসি জানাল: বাংলাদেশে বিশ্বকাপ দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইসিসি জানিয়েছে, যদিও বাংলাদেশ দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না, দেশের দর্শকরা ঘরে বসে টুর্নামেন্টের সব ম্যাচ উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। পাশাপাশি আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) বাংলাদেশে টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করবে।

মোবাইল বা ইন্টারনেটে খেলা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন দর্শকদের জন্য রয়েছে ডিজিটাল স্ট্রিমিং সুবিধা। জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট র‍্যাবিটহোলবিডিতে (RabbitHoleBD) টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ দেখানো হবে, ফলে টিভি সেটের সামনে না থেকেও স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে খেলার প্রতিটি মুহূর্ত ধরতে পারবেন ভক্তরা।

এ বছর ক্রিকেট বিশ্বকাপের আসর ৭ ফেব্রুয়ারি শুরু হবে, যা ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। এক মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ৮ মার্চ।

আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যার কারণে বাংলাদেশ দল নাম প্রত্যাহার করলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিপোর্ট: আজকালের খবর/বিএস