উৎসবমুখর পরিবেশে শেষ শনিবার, ৩১ জানুয়ারি ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
রাজধানীর পৃবাচল সংলগ্ন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ক্রীড়া মেলায় ক্লাবের বিভিন্ন ব্যাচের নটরডেমিয়ানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি শুরু থেকেই দর্শক ও খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা ও জমজমাট পরিবেশ সৃষ্টি করে।
এনআরবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং নটরডেম কলেজ ২০০২ ব্যাচের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে মোট ২৮টি দলে বিভক্ত হয়ে ৫৬ জন খেলোয়াড় অংশ নেন। ডাবলস ফরম্যাটে খেলা এই টুর্নামেন্টটি শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর ছিল।
চূড়ান্তপর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ’১৯৯৪ ব্যাচের মোহাম্মদ আবু নাদের আল মকাদ্দেস ও মোহাম্মদ মামুনুর রশীদ। রানার্স-আপ হন ’৯৬ ব্যাচের মোহাম্মদ সাদিকুর রহমান ও ’৯৭ ব্যাচের মোহাম্মদ শফিকুল ইসলাম অন্তু।
সকাল ১১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নটরডেমিয়ানদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ তৌফিকুল আলম চৌধুরী, ক্লাবের ইসি (স্পোর্টস) আবু সালেহ মোঃ সায়েম এবং ইসি সদস্যরা—আরিফ চৌধুরী, কাজি মোঃ মাহাবুবুল হক, মল্লিক নজরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাব কর্তৃপক্ষ পুরো আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সহযোগী সংস্থা, স্পন্সর এবং অংশগ্রহণরত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তারা জানান, ভবিষ্যতেও আরও বড় পরিসরে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
আজকালের খবর/বিএস
