ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে—এমনটাই জানিয়েছেন জামায়াত-ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্যান্য দলের মতো জামায়াতও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৫ নম্বর আসনে নির্বাচনী গণসংযোগের সময় জামায়াত আমির এসব কথা বলেন। তিনি বলেন, দলীয় জনসভায় প্রচুর মানুষ এসে যোগ দিচ্ছে এবং তাদের সাড়া পাচ্ছেন। সেই সঙ্গে অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় জোটের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে এবং নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। ‘‘নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে,’’ বলেন তিনি।
শিক্ষাব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষায় দুইটি বিষয়কে গুরুত্ব দেবেন—একটি হলো নৈতিক শিক্ষা (মোরাল এডুকেশন) ও আরেকটি হলো পেশাগত শিক্ষা (প্রফেশনাল এডুকেশন)। তিনি বলেন, ‘‘দেশে উভয়টিরই তীব্র অভাব আছে। ফলে আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা শেষ করলেও হতাশ হয়ে পড়ছে। তারা দেশের বাইরে কিংবা বিদেশে নিজেদের ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে না—কারণ তাদের ভাষাগত ও পেশাগত দক্ষতা নেই।’’
তিনি আরও বলেন, ‘‘১৮ কোটি মানুষের সন্তানের জন্য শিক্ষা অবশ্যই এই দুই দিক কভার করতে হবে। যদি এই দুটো নিশ্চিত করা যায়, তখন আমরা যে দেশে থাকি বা প্রবাসে যেখানেই থাকি না কেনো অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারব। তখন আমরা গর্বিত নাগরিক হিসেবে পরিচিতি পাবো এবং বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হবে না। কাজ তখন তার মালিককে খুঁজে পাবে।’’
তিনি একটি সমাজ গড়ারও অঙ্গীকার করেন যেখানে ভাই-বোনদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। পাশাপাশি দেশের বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘‘আল্লাহ সুযোগ দিলে আমাদের প্রাধান্য থাকবে—প্রথমেই শিক্ষা, দ্বিতীয়েও শিক্ষা, তৃতীয়েও শিক্ষা।’’ এরপর অন্যান্য বিষয়গুলোর দিকে মন দেওয়া হবে বলে জানান তিনি।
প্রচারণার সময় ডা. শফিকুর স্থানীয় বাজার, আবাসিক এলাকা ও সড়কের পাশে দোকানগুলো ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন ও লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা শহরের মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আমিরের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর-১৩ নম্বরে (হারম্যান মেইনার স্কুলের পিছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। রাতে এশার নামাজের পরে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজকের খবর/ এমকে
