বিল ও হিলারি ক্লিনটন এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন – Daily Bhorer Potrika

বিল ও হিলারি ক্লিনটন এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৩, ২০২৬

কুখ্যাত মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিল ক্লিনটনের ডেপুটি চিফ অফ স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন এবং বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্তকারী কমিটির সামনে উপস্থিত হবেন।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত হাউসে দুই ক্লিনটনকে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণা করার বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা নিয়ে সরগরম ছিল।

মার্কিন বিচার বিভাগ এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ করে সেখানে বিল ক্লিনটনের কিছু ছবি থাকলেও তিনি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। গত মাসের শেষ দিকে রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে; এ প্রস্তাবে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

কমিটির চেয়ারম্যান জেমস কোমার তখন বলেছিলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নেই’।

ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, এপস্টেইন সংক্রান্ত তাদের কাছে থাকা সীমিত তথ্য ইতোমধ্যে জানানো হয়েছে। তাদের বিবৃতিতে এই আইনি তলবকে রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি লেখেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করবেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা রাখেন।

এপস্টেইনের নির্যাতনের শিকারদের মধ্যে কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ করেননি। বিল ক্লিনটন বরাবরই বলেছেন, তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন না।

কংগ্রেসের নির্দেশে প্রকাশিত ছবিগুলোতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি স্থানে দেখা গেছে — একটিতে তিনি সুইমিংপুলে এবং আরেকটিতে হটটাবের মতো স্থানে শুয়ে আছেন। ক্লিনটনের মুখপাত্র বলছেন, এসব ছবি বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগে তিনি ওই সম্পর্ক শেষ করে দিয়েছেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান আরও জানিয়েছিলেন, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তাঁর কথায়, তাদের আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করা হলেও বারবার সময়ক্ষেপণ দেখা গেছে।

আজকালের খবর/ এমকে