চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস তাদের ‘২০২৫ সালের এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি ছবি। তালিকায় ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে রয়েছেন সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে জায়গা পেয়েছে নুহাশ হুমায়ূনের ‘অ্যানথোলজি ২ষ’।
ওয়েবসাইটটি ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করছে। তারা শৈল্পিক গল্পবিন্যাস, অভিনব উপস্থাপনা কৌশল, ভিন্নধর্মী জনরা, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা এবং উৎসবকেন্দ্রিক আলোচনার ভিত্তিতে এই তালিকাগুলি গঠন করে। প্রতিবেদনে বলা হয়েছে, সমকালীন এশীয় সিনেমা ক্রমেই শক্ত অবস্থান করে নিচ্ছে—এক সময়ে যেসব দেশ পিছিয়ে ছিল, তারা এখন শৈল্পিক ও সাহসী নির্মাণে এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি ও রাষ্ট্রীয় সহিংসতার মতো জটিল বিষয়গুলো নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরায় এই সিনেমাগুলো আন্তর্জাতিক পরিসরে আলাদা সাড়া জাগাচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আরব ও তুরস্ক তাদের স্থানীয় বাস্তবতার সঙ্গে বৈশ্বিক দর্শকের সংযোগ তৈরি করে নিজস্ব সিনেম্যাটিক ভাষা পরিশীলিত করছে।
অন্যদিকে, কঠোর নিয়ন্ত্রণের পরেও ইরান এখনো এশিয়ার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্রশক্তিগুলোর মধ্যে একটি হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। তালিকার শীর্ষে এসেছে ইরানের ছবি ‘It Was Just an Accident’—জাফর পানাহি পরিচালিত এই চলচ্চিত্রটি গত বছর কানের প্রধান পুরস্কার সোনা পাম জিতেছিল। ছবিটি কারাগারে নির্যাতিত এক ব্যক্তির প্রতিশোধের গল্প কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের ‘ইরকালা: ড্রিমস অব গিলগামেশ’—যেখানে নয় বছর বয়সী এক শিশুর প্রত্যাশিত ভ্রমণের মধ্য দিয়ে দেশটির সমসাময়িক বাস্তবতা ফুটে ওঠে। তৃতীয় স্থানে রয়েছে ইরানির ‘কাটিং থ্রো রকস’ এবং চতুর্থ স্থানে সৌদি আরবের পথচরচিত ‘হিজরা’।
এশিয়ান মুভি পালস ‘বালুর নগরীতে’ সম্পর্কে লিখেছে—এটি ছোট পরিসরের, কিন্তু দুর্লভ একটি আর্টহাউস রত্ন; ছবিটির ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র এমা—যার ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা—শহরের নানা প্রান্ত থেকে স্কুটারে বালু সংগ্রহ করে বিড়ালের লিটার বক্সের জন্য। একদিন বালু খোঁজার সময়ে তার জীবন অপ্রত্যাশিত মোড় নেয়; তিনি একটি কাটা আঙুল খুঁজে পান। ছবিটি গত বছর চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করে এবং সেখানে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে। এরপর এটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সর্বশেষ গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়।
‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল—যা ইতিহাসকে পুনরুদ্ধার করে সাহসী কণ্ঠগুলোকে সামনে আনে। সৌমিত্র দস্তিদার পরিচালিত এই ছবি তৈরি হয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে; জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহ, তরুণ প্রজন্মের সংগ্রাম এবং ভবিষ্যৎ পুনরায় সংজ্ঞায়িত করার চেষ্টার বাস্তব চিত্র এখানে উঠে এসেছে।
নুহাশ হুমায়ূনের ‘অ্যানথোলজি ২ষ’ নিয়ে এশিয়ান মুভি পালসের মন্তব্য, এতে থাকা কয়েকটি অসাধারণ গল্প দর্শককে মুগ্ধ করে; কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি হিসেবে দেখা হয়েছে।
প্রতিবেদের সংক্ষিপ্ত উপসংহারে এশিয়ান মুভি পালস স্পষ্ট ভাষায় জানিয়েছে, এশিয়ার সিনেমা ভিড়ে বাংলাদেশের উত্থানকে আর উপেক্ষা করা যাবে না। নানা ঘরানা ও ফরম্যাটে আত্মবিশ্বাসী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশি নির্মাতারা ধীরে ধীরে নিজস্ব সিনেম্যাটিক পরিচয় তৈরি করছেন।
আজকের খবর/আতে
