জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নূর হেলাল দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই ঘোষণা দেন, যা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা ছড়িয়ে পড়ে।
পোস্টে মেহেদী নূর হেলাল জানান, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং এনসিপি গোয়ালন্দ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বও পালন করেছেন। দলীয় নেতা, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের দেয়া সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং রাজনীতিকে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেন।
তবে তিনি বলেন, ‘‘জামায়াতের সঙ্গে জোট এবং প্রতারিত হওয়ার কারণে আমি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরতে বাধ্য হয়েছি।’’ পারিবারিক দায়িত্ব ও বর্তমান বাস্তবিক পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সব দলীয় পদ ও দায়িত্ব থেকে তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করেন যে এই সিদ্ধান্ত আবেগপ্রসূত নয়, বরং চিন্তাভাবনা ও বাস্তবতার প্রেক্ষিতে নেয়া হয়েছে।
পোস্টে মেহেদী নূর হেলাল উল্লেখ করেছেন, দলীয় স্বার্থে বলা কথাগুলো তিনি প্রত্যাহার করছেন, তবে দেশের স্বার্থে বলা কথার প্রতি তিনি অটল থাকবেন। ভবিষ্যতে স্বভাবতই রাজনৈতিক তৎপরতায় বেশি সক্রিয় নাও থাকতে পারেন, তবু দেশ, সমাজ ও মানুষের কল্যাণের জন্য তিনি সদিচ্ছা ও প্রার্থনা রক্ষা করবেন।
এ ব্যাপারে এনসিপি গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, মেহেদী নূর হেলালের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপির সব নেতাকর্মীরই কোনো বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। তিনি বলেন, এনসিপি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং দলীয় সিদ্ধান্তগুলোও গণতান্ত্রিকভাবে নেয়া হয়।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক পরিবেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং এ নিয়ে এলাকার নেতাকর্মী ও বাসিন্দাদের মধ্যে নানা মতামত পাল্টাপাল্টি হচ্ছে।
আজকালের খবর/বিএস
