রাশিয়ার হামলায় কিয়েভ ও খারকিভে আহত ১৩ – Daily Bhorer Potrika

রাশিয়ার হামলায় কিয়েভ ও খারকিভে আহত ১৩

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

রাশিয়ার বিমান ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বের খারকিভে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে দুইজন আহত হয়েছেন; তাদের অবস্থাকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্লিচকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর দুইপাড়ে অবস্থিত অন্তত দুটি জেলায় হামলা হয়েছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাজধানীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র—দুটোই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে এবং অন্তত দুটি স্থানে আগুন লেগেছে।

রাশিয়া-সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, সেখানে অন্তত ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল ও একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলাগুলো সংঘটিত হয়েছে এমন সময়ে যখন সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী যুদ্ধবিরতি ও সংঘাত সমাধানের আলোচনা শুরু হয়েছে এবং এর প্রথম দিন শেষ হয়েছে।

সূত্র: রয়টার্স

আজকালের খবর/ এমকে