বগুড়ার ‘নো ডাইস’ নেপাল আফ্রিকা চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেল – Daily Bhorer Potrika

বগুড়ার ‘নো ডাইস’ নেপাল আফ্রিকা চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৬

বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার লাভ করেছে। ছবিটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention (সম্মাননা) অর্জন করে।

উৎসবটি ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই পড়চালনায় মোট ২০টি দেশ থেকে ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-কে এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী এবং দার্শনিক উপস্থাপনের জন্য বিশেষভাবে প্রশংসা করে।

নির্মাতা সাগর ইসলাম জানান, সিনেমাটি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তিনি বলেন, ছবিতে প্রতীকী ভাষা ব্যবহার করে একটি নীরব কিন্তু প্রভাবশালী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে তিনি আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা হিসেবে দেখেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবে আরও দুইটি বাংলাদেশি প্রতিযোগিতামূলক পুরস্কারও নজর কাড়ে—বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে খন্দকার সুমনের ‘সাঁতাও’ পুরস্কৃত হয় এবং শায়লা রহমান তিথীর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ঝরাপাতার চিঠি’ বেস্ট ওমেন ফিল্ম বিভাগে সম্মাননা অর্জন করে।

এর আগে ‘নো ডাইস’ ইতালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশনের মাধ্যমে প্রদর্শিত হয়েছিল।

নির্মাতা জানিয়েছেন, আন্তর্জাতিক উৎসব পর্ব শেষ হওয়ার পর ‘নো ডাইস’ দেশি-বিদেশি দর্শকদের জন্য অনলাইন স্ট্রিমিং এবং নির্বাচিত বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে, যাতে আরও বড় শ্রোতাপরিষদ ছবির ভাবনার সঙ্গে যুক্ত হতে পারে।

চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তৌহিদ হোসেন চৌধুরী; আবহসংগীত করেছেন অমিত চ্যাটার্জি; সিনেমাটোগ্রাফিতে ছিলেন অমিতাব অবাক। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাগর ইসলাম, তানভিন নাফিসা, লাসাইফ রাতিন আশিও, মুশফিক সৌমিক, সাজিদ রহমান ও শহিদুর রহমান।

উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।

প্রতিবেদন: আজকালের খবর/আতে